ফিফা বিশ্বকাপ
‘হাফ-টাইম শো’ মাতাবেন বিটিএস-শাকিরা-ম্যাডোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২১:০৬
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক মাত্রা। আমেরিকান ফুটবলের জনপ্রিয় আসর ‘সুপার বোল’-এর আদলে এবার ফিফা বিশ্বকাপ ফাইনালের মধ্যবিরতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমকালো ‘হাফ-টাইম শো’। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাইয়ের সেই মাহেন্দ্রক্ষণে মঞ্চ মাতাবেন পপ কুইন ম্যাডোনা, লাতিন সম্রাজ্ঞী শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস।
বিসিসি-র দেওয়া তথ্যমতে, বিশ্বকাপের এই
বিশেষ মিউজিক্যাল শো-টি হবে ১১ মিনিট স্থায়ী। যদিও চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরে
ম্যাচ শুরুর আগে পারফরম্যান্সের চল রয়েছে, তবে বিশ্বকাপের ফাইনালে মাঝপথে এমন আয়োজন
এই প্রথম।
কলম্বিয়ান তারকা শাকিরা আবারও ফিরছেন বিশ্বকাপের
গানে। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকা বৃহস্পতিবার মুক্তি দিচ্ছেন এবারের আসরের
অফিশিয়াল গান ‘দাই দাই’। ইতালীয়
এই শব্দের অর্থ ‘চলো এগিয়ে যাই’। গানটিতে শাকিরার সাথে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক
বার্না বয়। ইতিহাসের সর্বোচ্চ অ্যালবাম বিক্রয়কারী নারী শিল্পী ম্যাডোনা তার ১৫তম অ্যালবাম
‘কনফেশনস ২’ প্রকাশের
ঠিক আগেই এই মেগা ইভেন্টে যোগ দিচ্ছেন। ৬৭ বছর বয়সী এই কিংবদন্তি সম্প্রতি কোচেলা উৎসবে
সাব্রিনা কার্পেন্টারের সাথে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছিলেন। টানা তিন বছর সামরিক
পরিষেবা শেষে আবারও বিশ্ব ভ্রমণে বের হওয়া দক্ষিণ কোরিয়ার কে-পপ সেনসেশন বিটিএস-ও থাকছে
এই তালিকায়। বর্তমানে তারা তাদের ৮৫টি শো-র বিশ্ব সফরে ব্যস্ত রয়েছে। এর আগে ২০২১ সালে
কোল্ডপ্লে-র সাথে তাদের গান ‘মাই ইউনিভার্স’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
এই বিশেষ শো-টি কিউরেট বা পরিচালনা করছেন
কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। এই আয়োজনের মাধ্যমে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর
জন্য অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত ১০ কোটি ডলার (৭৩ মিলিয়ন পাউন্ড) বিশ্বের সুবিধাবঞ্চিত
শিশুদের শিক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে বলে জানা গেছে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো
এই আয়োজন সম্পর্কে বলেন, "এটি ফিফা বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে
যাচ্ছে, যা বিশ্বের বৃহত্তম ক্রীড়া আসরের মর্যাদাকে আরও বাড়িয়ে দেবে।"
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ
আয়োজনে ২০২৬ বিশ্বকাপ ইতিমধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। ১৯ জুলাই নিউ জার্সির ফাইনালে
ফুটবল আর সংগীতের এই মেলবন্ধন দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।
বাংলাদেশের খবর/এম.আর

