Logo

খেলা

‘হেক্সা অভিযানে’ বিশ্বকাপে ব্রাজিল, বিমান ধুয়ে যাত্রা

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৬:০৩

‘হেক্সা অভিযানে’ বিশ্বকাপে ব্রাজিল, বিমান ধুয়ে যাত্রা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল কড়া নাড়ছে দরজায়। আগামী ১১ জুন বসবে ২৩তম এ আসর। তিনটি দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবলের মহাযজ্ঞ। 

ফুটবলের আঁতুড়ঘর ব্রাজিল এবার হেক্সা মিশনে নামবে। ‘একটা ছবি, একটাই হৃদয়, অনেকগুলো স্বপ্ন। গর্ব নিয়ে এবার সীমান্ত অতিক্রম করার পালা। চলো একসঙ্গে যাই’— ফিফা বিশ্বকাপ খেলতে নেইমার-ভিনিসিয়ুসরা যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বিমানের সামনে তোলা ছবি পোস্ট করে এই ক্যাপশন দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিল রেকর্ড পঞ্চম ও নিজেদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। সেই সুখস্মৃতির প্রায় দুই যুগ হতে চলল। কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ এখনো আসেনি।

ব্রাজিলের সেই দীর্ঘ অপেক্ষা এবার ফুরাবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ‘হেক্সা অভিযানে’ সফল হওয়ার লক্ষ্যে তারা সব ধরনের চেষ্টা করছে।

মঙ্গলবার (২ জুন) যেমন ব্রাজিল দলকে বহনকারী বিমান উড্ডয়নের আগে সেটিকে ধুয়ে পবিত্র করা হয়েছে। বিমান ধোয়ার ভিডিওটি এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে রাখা হয়েছে এবং দুই পাশে রাখা বিশাল জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। 

এভাবে পানি ছিটানোকে বলা হয় ওয়াটার ক্যানন স্যালুট; আর এই আনুষ্ঠানিকতাকে বলা হয় ব্যাপ্টিজম বা অপ্সুদীক্ষা। খ্রিস্টান ধর্মাবলম্বীরা এটিকে কোনো কঠিন পরীক্ষার আগে পবিত্র জীবনের সূচনা মনে করেন। বিমানটিকে পবিত্র করার পর ব্রাজিলের পতাকার আদলে সাজানো হয়েছে। 

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে রওনা হয় ব্রাজিল দল। প্রায় ১০ ঘণ্টা ভ্রমণ শেষে কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছায়।

আজুল এয়ারলাইনসের যে সুপার ভিআইপি চার্টার্ড বিমানে ব্রাজিল দল হেক্সা অভিযানে গেছে, সেটির দাম দুই হাজার ৪৭৯ কোটি টাকা। 

পুরোপুরি শুয়ে থেকে যাওয়া যায়, এমন ৯৬টি আসন আছে বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের বিমানটিতে। দীর্ঘ যাত্রার ফলে দলের কারো যেন ভ্রমণক্লান্তি না আসে, সে কারণে সবচেয়ে অত্যাধুনিক ও বিলাসবহুল বিমানের ব্যবস্থা করেছে সিবিএফ।

নিউ জার্সির কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ ক্যাম্প করবে ব্রাজিল।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন