Logo

খেলা

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৭:৩১

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ইতোমধ্যেই সেই শঙ্কা দূর হয়েছে। 

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।

সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরই মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। এই খবর প্রকাশ হওয়ার পর বিশ্বকাপ দেখা নিয়ে চিন্তা দূর হয়েছে বাংলাদেশের ভক্তদের।

শুধু টিভিতেই নয়, মোবাইলেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। সময় টিভি, বিটিভি, টি স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাংলালিংকের ওটিটি সেবা টফি, গ্রামীণফোনের বায়োস্কোপে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করা যাবে।

বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬ স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ হবে। 

১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। ১৯ জুলাই ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন