ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে হয়তো বিশ্বকাপের জন্যই গড়া। বিশ্বকাপ এলেই যেন তিনি অন্য মানুষে পরিণত হন! তখন গোল আর রেকর্ডের পসরা তুলে ধরেন তিনি। ২০১৮ সালে শুরু; আবির্ভাবে ফ্রান্সকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। সেবার এমবাপ্পে করেছিলেন ৪ গোল।
এরপর ২০২২ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিলেন ঠিকই। ফাইনালে হ্যাটট্রিকসহ করেন ৮ গোল।
তবে এবার যেন আগের কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার অভিযানে নেমেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচেই করেছেন ৬ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮টি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার (১ জুলাই) ভোররাতে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও করেন দুটি করে গোল। মোট ৬ গোলে চলতি আসরে সর্বোচ্চ গোলে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। অবশ্য ম্যাচ একটি তিনি বেশি খেলেছেন।
সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে এখন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও। এর আগে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন তিনি। এখন তার সামনে শুধুই মেসি। তবে মেসিকে ১৯ গোল করতে ২৬ ম্যাচ খেলতে হলেও এমবাপ্পে কাছাকাছি পৌঁছে গেছেন ১৮ ম্যাচেই।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপের গোলসংখ্যায় কোথায় গিয়ে থামেন, সেটি দেখার বিষয়। আপাতত এই বিশ্বকাপে লড়াইটা তার মেসির সঙ্গে। এই মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ফরাসি তারকা।
বাংলাদেশের খবর/আরইউ

