ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে অবসর নিয়ে একের পর এক প্রশ্নে বিরক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুয়েকটা কথায় বিরক্তি প্রকাশও করলেন পর্তুগিজ মহাতারকা। তবে অন্য এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিশ্চিত করলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। তবে তিনি আশাবাদী স্পেনের বিপক্ষে লড়াই-ই বিশ্ব মঞ্চে তার শেষ ম্যাচ নয়।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) ১টায় (এএম) ডালাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি শিরোপা প্রত্যাশী আরেক দল পর্তুগাল।
ম্যাচের আগের দিন ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলেননি রোনালদো। সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল লিওনেল মেসির সঙ্গে এতো দিনের দ্বৈরথের পর আর্জেন্টাইনদের জন্য কী বার্তা দেবেন তিনি। সে সময় বিমানের এক ঘটনা উল্লেখ করলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড এবং দিলেন শেষের আভাস।
তিনি বলেন, বিমানে একজন কেবিন ক্রু ছিলেন। তার তাকানো দেখেই আমি বুঝতে পেরেছিলাম তিনি আর্জেন্টাইন! তাকে সেটা বলেছিলামও, যেভাবে আপনি আমার দিকে তাকাচ্ছেন, তাতে আমি জানি আপনি আর্জেন্টাইন। যদি আপনি দ্রুত অন্য দিকে তাকান, তার মানে আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না (হাসি)। এটা আমার শেষ বিশ্বকাপ, আমি এটা পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি, আগামীকাল আমার শেষ ম্যাচ নয়।
বাংলাদেশের খবর/আরইউ

