Logo

খেলা

আমি একটু বড় হয়েছি, লিও-ও অভিজ্ঞতায় বেড়েছে : ইয়ামাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:৪৩

আমি একটু বড় হয়েছি, লিও-ও অভিজ্ঞতায় বেড়েছে : ইয়ামাল

ফুটবল বিশ্ব আগামী ১৯ জুলাই (রোববার) প্রত্যক্ষ করতে যাচ্ছে এক মহাকাব্যিক ও রূপকথার ফাইনাল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ব্লকবাস্টার ফাইনালের মূল আকর্ষণ কেবল ট্রফি জয় নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এক নিয়তি। ফুটবল ভক্তদের সব আলো এখন কেড়ে নিচ্ছেন দুই ভিন্ন প্রজন্মের মহাতারকা—লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল।

আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে মাঠে নামার স্বপ্ন দেখতেন স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামাল। অবশেষে ফুটবল অমরত্বের লড়াইয়ে সেই লালিত স্বপ্নই বাস্তবায়িত হতে যাচ্ছে। তবে সতীর্থ হিসেবে নয়, বিশ্বজয়ের মঞ্চে তারা একে অপরের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে।

সম্প্রতি মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ডেজন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল হাসিমুখে বলেছিলেন, আমি একটু বড় হয়েছি, আর লিও-ও (অভিজ্ঞতায়) বেড়েছে। আশা করি আমি একটি ফাইনালে তার মুখোমুখি হতে পারব, বিশেষ করে যেহেতু আমাদের মধ্যে ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।” অবশেষে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ পোস্টারবয়ের সেই স্বপ্নই সত্যি হতে যাচ্ছে আগামী রোববারের ফাইনালের মহারণে।

এই দুই মহাতারকার নিয়তির লিখন অবশ্য শুরু হয়েছিল আজ থেকে প্রায় দুই দশক আগে। ২০০৭ সালে ক্যাম্প ন্যু-তে ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে ২০ বছর বয়সী তরুণ মেসি মাত্র সাত মাস বয়সী শিশু ইয়ামালকে একটি প্লাস্টিকের টবে স্নান করিয়েছিলেন। সেই ফ্রেমে বন্দি থাকা শিশুই আজ স্পেনের প্রধান অস্ত্র হয়ে মেসির বিশ্বকাপ ধরে রাখার মিশনের সামনে সবচেয়ে বড় বাধা। চলতি বিশ্বকাপে ৩৯ বছর বয়সী বুড়ো মেসি ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলতে নেতৃত্ব দিয়েছেন।

অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরো টুর্নামেন্টে স্পেনের আক্রমণভাগের প্রাণভ্রমরা হয়ে আছেন ১৯ বছর বয়সী ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি আদায়সহ পুরো আসরেই ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে নাচিয়েছেন এই তরুণ বাঁ-পায়ের জাদুকর। বার্সেলোনা ক্লাবে মেসির ফেলে যাওয়া আইকনিক ১০ নম্বর’ জার্সি গায়ে জড়ানো ইয়ামালকে ইতিমধ্যেই মেসির প্রকৃত উত্তরসূরি হিসেবে গণ্য করা হচ্ছে।

আগামী রোববারের ফাইনালে একদিকে লিওনেল মেসির সামনে দাঁড়িয়ে তার সোনালী আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মহাকাব্যিক হাতছানি, অন্যদিকে তরুণ তুর্কি ইয়ামালের সামনে বিশ্বজয়ের মঞ্চে নিজেকে ফুটবলের নতুন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করার সুবর্ণ সুযোগ। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের, কিংবদন্তির সঙ্গে যোগ্য উত্তরসূরির এই ঐতিহাসিক ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় এখন বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন