ছবি: সংগৃহীত
স্পেনের বিপক্ষে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নিউ ইয়র্কে হবে উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনাল।
এর আগে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘদিন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার সময়ের স্মৃতি এই মহাতারকা রোমন্থন করলেন গর্বভরে।
ছবির কেন্দ্রে লিওনেল মেসি। চারপাশে কোচ, সতীর্থ, কোচিং স্টাফ, দলের কর্মকর্তা, রাঁধুনিসহ দল সংশ্লিষ্ট সবাই।
৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপে নিজের তৃতীয় ফাইনাল খেলতে নামবেন।
আগের দুই ফাইনালে মেসির অভিজ্ঞতা মিশ্র। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হৃদয় ভাঙার অনুভূতি হয়েছিল সঙ্গী। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর উচ্ছ্বাসে হৃদয় হয়েছিল পূর্ণ। আর্জেন্টিনার ৩৬ বছরের খরা ঘুচেছিল। মেসি পেয়েছিলেন প্রথম বিশ্বকাপ জয়ের অনির্বচনীয় স্বাদ।
মেটলাইফ স্টেডিয়ামে কোন অনুভূতি সঙ্গী হবে মেসির, সে উত্তর আপাতত সময়ের হাতে তোলা। তবে, এই মহাতারকা পিছু ফিরে তাকালেন। বছরের পর বছর ধরে আকাশি নীল-সাদা জার্সিতে কাটানো সময় নিয়ে তুলে ধরলেন নিজের ভাবনা।
তিনি বলেন, এই সমস্ত বছরগুলোয় কখনই সেরা জিনিস শুধু শিরোপাগুলো জেতা ছিল না, বরং পুরো অভিযাত্রাটা ছিল। এই দলের সঙ্গে প্রতিটি দিন ভাগাভাগি করা, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলো পার করা, প্রতিটি মুহূর্ত উপভোগ করা।
‘প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটা পরিবার করে রাখতে যারা প্রতিদিন কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ। রোববার যা-ই হোক, এই গ্রুপটা ইতোমধ্যে গল্প লিখেছে। যেটা, আমরা কখনও ভুলব না এবং কেউ তা মুছে ফেলতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
বাংলাদেশের খবর/আরইউ

