Logo

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র:

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৯:৪৩

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে ভুটান ও শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালও বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে।

শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানের মাধ্যমে আসরের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ।

ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালের অংশগ্রহণ অনিশ্চিত থাকায় প্রাথমিকভাবে ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়। তবে সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপাল ‘এ’ গ্রুপে যোগ দেবে। সে ক্ষেত্রে গ্রুপটি হবে চার দলের। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে ‘এ’ গ্রুপে থাকবে তিনটি দল।

‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। নেপাল অংশ নিতে পারলে তারাও এই গ্রুপে যুক্ত হবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপ থেকেই শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।

২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ সময় শিরোপাহীন থাকার পর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেমিফাইনালে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৮ সালের পর এবার আবারও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ।

গ্রুপপর্বের সূচি

গ্রুপ–এ: বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল (ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার সাপেক্ষে)

গ্রুপ–বি: ভারত, পাকিস্তান, মালদ্বীপ

বাংলাদেশেরখবর/আরকে


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন