Logo

খেলা

রোনালদোর ‘সুপারকার সাম্রাজ্য’, ১৩ গাড়ির দাম ১৫৮ কোটি টাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২০:৪৬

রোনালদোর ‘সুপারকার সাম্রাজ্য’, ১৩ গাড়ির দাম ১৫৮ কোটি টাকা

মাঠে ফুটবলের একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের জন্যও বিশ্বজুড়ে পরিচিত ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের ব্যক্তিগত গ্যারেজের বিরল ও দামি সুপারকারের বহরের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন পর্তুগিজ এই মহাতারকা।

২০২৬ বিশ্বকাপের পর ছুটিতে থাকা রোনালদো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের গ্যারেজের তিনটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে মাত্র দুটি শব্দ লেখেন—‘মাই টয়জ’ (আমার খেলনাগুলো)। প্রিয় গাড়িগুলোকে ‘খেলনা’ বলে অভিহিত করার এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গ্যারেজে যেসব গাড়ি

প্রকাশিত ছবিগুলোতে রোনালদোর গ্যারেজে সারিবদ্ধভাবে রাখা বিশ্বের অন্যতম দামি ও বিরল কয়েকটি সুপারকার দেখা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখানে রয়েছে অন্তত চারটি ফেরারি, একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, একটি পোর্শে ৯১১, দুটি বুগাত্তি এবং একটি ম্যাকলারেন সেনা।

এ ছাড়া অন্যান্য ব্র্যান্ডের আরও কয়েকটি বিলাসবহুল স্পোর্টস কারও রয়েছে তার সংগ্রহে।

প্রতিবেদন অনুযায়ী, ওই নির্দিষ্ট গ্যারেজে থাকা ১৩টি স্পোর্টস কারের মোট আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫৮ কোটি টাকা।

দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলে বিপুল সম্পদ গড়েছেন রোনালদো। তার বিলাসবহুল গাড়ির সংগ্রহ সেই সম্পদেরই অন্যতম প্রদর্শন।


৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে ২০২৬ বিশ্বকাপের পর ছুটি কাটাচ্ছেন। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর পরিবারকে সঙ্গে নিয়ে স্পেনের মায়োর্কায় অবসর সময় কাটাচ্ছেন তিনি।

এদিকে আল-নাসর ইতোমধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে। তবে রোনালদো এখনো পুরো মাত্রায় অনুশীলনে যোগ দেননি। সম্প্রতি আলমেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠের পাশে উপস্থিত হয়ে সতীর্থদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

ক্লাব সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নেওয়ার অংশ হিসেবেই রোনালদোকে বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে। গত বছর আল-নাসরের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করা এই তারকাকে ঘিরে নতুন মৌসুমেও বড় প্রত্যাশা রয়েছে ক্লাবটির।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন