Logo

খেলা

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থার কথা ভাবছেন মেসি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:০৫

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থার কথা ভাবছেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার রোজারিওর এল প্রাদো কবরস্থানে রোববার (৯ আগস্ট) দুপুরে শেষ হয়েছে হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। 

তবে বাবাকে শেষবিদায় জানানোর সেই নিভৃত মুহূর্তেও রেহাই মেলেনি গণমাধ্যমের ক্যামেরা থেকে— আর তারই জেরে এবার লিওনেল মেসির আইনজীবীরা নিতে যাচ্ছেন আইনি পদক্ষেপ। 

একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।

দুই দিন আগে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। 

রোববার পেরেস এলাকার রুট ৩৩-এর ধারে বেসরকারি কবরস্থান এল প্রাদোয় মেসি সিনিয়রের শেষকৃত্য হয় পারিবারিকভাবে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিওয় পৌঁছান মেসি, যোগ দেন মা সেলিয়া কুচ্চিত্তিনি ও ভাইবোনদের সঙ্গে। কবরস্থানের প্রবেশপথ স্থানীয় সময় শনিবার দুপুর থেকেই বন্ধ রাখা হয় সাধারণের জন্য, শুধু অনুমোদিত গাড়িই পেয়েছে প্রবেশাধিকার।

কিন্তু নিরাপত্তার এই বেষ্টনী উপেক্ষা করে কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন ওড়ায় বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টিভি চ্যানেল। রোজারিওর স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতাল এবং একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের নিশ্চিত করেছে এই খবর।

ওপর থেকে শোকার্ত পরিবারের ছবি তোলার এই চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়—অনেকেই একে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন বলে আখ্যা দেন। পরিস্থিতি সামাল দিতে সান্তা ফে পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে। রোববার শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত বহাল ছিল সেই নিষেধাজ্ঞা।

এ ঘটনার জেরেই এবার মাঠে নেমেছে মেসির আইনি দল। সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, যেসব গণমাধ্যম এই ব্যক্তিগত শোকযাত্রার সীমা লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।

উল্লেখ্য, শেষকৃত্যের খবর আসার আগেই মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, উন্মুক্ত কোনো শোকসভা নয়— হবে সম্পূর্ণ ঘরোয়া বিদায়। কবরস্থানের বাইরে যেমন অনেকেই মেসির জন্য রেখে গেছেন সহর্মিতার বার্তা। 

হোর্হে মেসি শুধু মেসির বাবা ছিলেন না, তার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন। ছোটবেলা থেকেই তার ক্যারিয়ার গড়ে তোলার পেছনে বাবার বড় অবদান ছিল। 

মেসি যখন মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিতে স্পেনে যান, তখনো হোর্হে পাশে ছিলেন। পরবর্তী সময়ে ছেলের ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ও তিনি দেখভাল করেছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন