Logo

খেলা

‎তানজিদের শতক, শান্তর অর্ধশত

‎ডারউইনে চলছে টাইগারদের রাজত্ব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩৮

‎ডারউইনে চলছে টাইগারদের রাজত্ব

ডারউইনে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর এবার ব্যাট হাতে আরও বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

‎সেই অভিযানে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তার সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পেয়েছেন অর্ধশতকের দেখা।

‎মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে মুমিনুল হক ও তানজিদ হাসান তামিমের ব্যাটে গড়ে ওঠে শক্ত ভিত।

‎দ্বিতীয় দিনে মুমিনুল ৪৯ রানে ফিরে গেলেও তানজিদ নিজের ইনিংস টেনে নিয়ে যান।

‎মুমিনুল ও তানজিদের ১০২ রানের জুটি ভাঙার পর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন তানজিদ।

‎অস্ট্রেলিয়ার বোলারদের সামলে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।

‎তানজিদের সেঞ্চুরির আগেই বাংলাদেশের ইনিংসও পেরিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার ইতিহাস গড়ে বাংলাদেশ। অন্য প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তুলে নিয়েছেন অর্ধশতক। তানজিদের সঙ্গে তার জুটি বাংলাদেশকে আরও বড় লিডের পথে নিয়ে যাচ্ছে।

‎এর আগে প্রথম দিন বাংলাদেশের পেসারদের তোপে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৯৮ রানে। ক্যারিয়ারসেরা বোলিং করে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও বল হাতে রাখেন দারুণ নিয়ন্ত্রণ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ।

‎২৩ বছর আগে এই ডারউনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল বাংলাদেশ। সেই মাঠেই এবার অস্ট্রেলিয়াকে চাপে রেখে ব্যাট হাতে ইতিহাস গড়ছে টাইগাররা। তানজিদের প্রথম সেঞ্চুরি ও শান্তর হাফ সেঞ্চুরিতে ম্যাচে এখন সুস্পষ্ট নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে।

‎৬৪ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ২৩০ রান নিয়ে ব্যাট করছে। তানজিদ-শান্তর ব্যাটে ভর করে ৩২ রানের লিড নিয়েছে টাইগাররা। 


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন