ইনফান্তিনোর সমালোচনা
চাকরি হারালেন ফিফার জ্যেষ্ঠ নির্বাহী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৫:৫৪
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় শাস্তি পেলেন সংস্থাটির জ্যেষ্ঠ নির্বাহী কেভিন লামুর। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার ওই তুমুল বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা করার তিন সপ্তাহের কম সময়ের মধ্যে তাকে বরখাস্ত করা হলো।
ফিফার এক মুখপাত্র ছোট্ট বিবৃতিতে কেবল লামুরকে চাকরিচ্যুত করার খবরটি নিশ্চিত করেছেন, ‘ফিফার সঙ্গে চিফ অপারেটিং অফিসার হিসেবে কেভিন লামুরের কাজের সম্পর্ক ২০২৬ সালের ১৭ অগাস্ট শেষ হয়েছে। দুই বছরের কাজের জন্য কেভিনকে ধন্যবাদ জানাচ্ছে ফিফা এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য জানাচ্ছে শুভকামনা।’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওই আলোচিত-সমালোচিত প্রস্তাবে বাইরের বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার কথা জানানো হয়। তাদের ভাবনা ছিল, বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে চার দশমিক দুই বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করা। ওই সংস্থার নাম দেওয়া হয়েছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)।
আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার হলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
প্রস্তাবটি সামনে আসার পরপরই এর বিরোধিতা করে লামুর বলেন, পুরো এফএফই একজনের প্রকল্প। একই সঙ্গে তিনি বলেন, সময় হয়েছে ফুটবল নেতাদের সঠিক প্রশ্ন করার এবং সঠিক উত্তর খুঁজে নেওয়ার।
ফিফা প্রধানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনেন লামুর, ‘আমাদের দায়িত্ব- ফিফার শত শত অনুরাগী, নিবেদিত এবং অনুকরণীয় কর্মকর্তাদের দায়িত্ব- ফুটবলের জন্য কাজ করার। একজন প্রেসিডেন্টের দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করা, এক সুতোয় বাঁধা এবং সবাইকে অনুপ্রাণিত করা। কিন্তু আজ, আমরা এর উল্টেটা দেখতে পাচ্ছি।’
সমালোচনা করায় তিনি যে চাকরি হারাতে পারেন, সেই শঙ্কা তখনই করেছিলেন লামুর, ‘এজন্য আমাকে চাকরি হারাতে হলে, তাই হোক। এমন সিদ্ধান্ত হলে সেটাকে আমি সম্মান জানাব। অন্তত, শান্তিতে ঘুমাতে তো পারব।’
বাংলাদেশের খবর/আরইউ

