চলতি বছরেই অলিম্পিকের মঞ্চে স্বর্ণ জিতে ইতিহাস গড়া মার্কিন ফিগার স্কেটার এলিসা লিউ আগামী ২০২৬-২৭ মৌসুমে পেশাদার প্রতিযোগিতা থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। মিলানো কোরতিনা শীতকালীন অলিম্পিকে সাফল্য পাওয়ার পর নিজের কৌশলগত উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশের ওপর জোর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ২১ বছর বয়সী এই আমেরিকান তারকা।
গত ফেব্রুয়ারিতে মিলানো কোরতিনা অলিম্পিক
গেমসে নারী এককে স্বর্ণপদক জয় করেন এলিসা লিউ। ২০০২ সালের পর তিনি প্রথম মার্কিন নারী
খেলোয়াড় হিসেবে উইমেনস সিঙ্গলসে অলিম্পিক সোনা জয়ের কীর্তি গড়েন। শুধু এককেই নয়,
দলকে টিম ইভেন্টেও সোনা এনে দিতে অন্যতম মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি। তবে প্রতিযোগিতামূলক
বরফের ট্র্যাকে এই বিরতির কারণে আগামী বছরের মার্চে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দেখা যাবে না এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে
লিউ লিখেছেন, আমি সবসময় নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করতে চাই, যাতে আমার স্কেটিংয়ের
শৈল্পিক রূপ আরও উন্নত হতে পারে। আমার কাছে এটি গুরুত্বপূর্ণ যে আমার খেলাটি যেন আমার
ব্যক্তিগত বৃদ্ধির প্রতিফলন ঘটায়। ভক্তদের আস্বস্ত করে তিনি আরও জানান, আমি বিষয়গুলোকে
আরও নিখুঁত করতে সাময়িক সময় নিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, আমি অবশ্যই বরফের ট্র্যাকে
ফিরে আসব।-6a904f06a02eb.jpg)
আমেরিকান ব্রডকাস্টার এনবিসি-কে দেওয়া
এক সাক্ষাৎকারে লিউ যুক্ত করেন, যুক্তি, আবেগ ও শারীরিক সব দিক বিবেচনা করেই এই বিরতি
নেওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয়েছে। আন্তর্জাতিক আসরগুলোতে প্রতিদ্বন্দ্বীদের মিস
করব, কিন্তু সামনে আরও অনেক সুযোগ আসবে।
লিউয়ের ক্যারিয়ারে বিরতি বা অবসরের সিদ্ধান্ত
নতুন কিছু নয়। অতি অল্প বয়সেই ফিগার স্কেটিং জগতে তার বিস্ময়কর উত্থান ঘটে। মাত্র
১৩ বছর বয়সে ২০১৯ সালে তিনি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়ন
হওয়ার রেকর্ড গড়েছিলেন। তবে একের পর এক রেকর্ড গড়ার পর ২০২২ সালে মাত্র ১৬ বছর বয়সেই
খেলাটিকে বিদায় জানান তিনি।
এরপর আবার বরফের ট্র্যাকে এক অবিশ্বাস্য
প্রত্যাবর্তনের রূপকথা লেখেন লিউ—ফিরেই অর্জন করেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের
শিরোপা এবং তার ধারাবাহিকতায় অর্জন করেন কাঙ্ক্ষিত অলিম্পিক সোনা। অলিম্পিক জয়ের পর
তার এই সাময়িক বিরতির সিদ্ধান্তকে ক্যারিয়ারের নতুন কোনো চমকের প্রস্তুতি হিসেবেই দেখছেন
ক্রীড়া বিশ্লেষকরা।
বাংলাদেশের খবর/ এম.আর

