দেশি জোশের জমজমাট লড়াই শেষ
পর্দা নামলো ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০
ছবি: সংগৃহীত
তরুণদের ক্রিকেট-উন্মাদনা ও নিজের ক্যাম্পাসের হয়ে লড়ার দেশি জোশকে আরও একবার উদযাপন করে শেষ হলো ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬। আট বছর ধরে ক্লেমন আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই টুর্নামেন্টের অষ্টম আসরে অংশ নেয় ৩২টি বিশ্ববিদ্যালয়। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস ও নানা আয়োজন মিলিয়ে জমে ওঠে এবারের আসর।
টুর্নামেন্ট ঘিরে ছিল নানা আয়োজন। খেলা শুরুর আগে ৩২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ট্রফি রাইড। মিরপুর ইনডোর স্টেডিয়ামে দর্শকদের জন্য ছিল হেলিকপ্টার রাইডের সুযোগ। ক্লিয়ারলি বাংলাদেশি আয়োজনে দর্শকরা পেয়েছেন উপহার জেতার সুযোগ। আর Catch It, Win It প্রোগ্রামে বল ক্যাচ করেই ৫০০ টাকা জিতে নিয়েছেন দর্শকরা। পাশাপাশি নিজেদের বিশ্ববিদ্যালয়ের দলকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে সরব হয়ে ওঠেন ক্লেমন সুপার ফ্যানরা।
দারুণ লড়াইয়ের পর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। দলের অধিনায়ক শরিফুল ইসলাম সাকেরের নেতৃত্বে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় তারা এবং তুলে নেয় কাঙ্ক্ষিত শিরোপা।
এ প্রসঙ্গে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, এবারের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও তরুণদের মাঝে ক্রিকেটকে ঘিরে দেশি জোশ ও উৎসাহ দেখেছি আমরা। ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থেকে শুরু করে মাঠের প্রতিটি ম্যাচ ও দর্শকদের অংশগ্রহণ, সব মিলিয়ে আয়োজনটি ছিল ক্লিয়ারলি বাংলাদেশি। আগামী দিনগুলোতেও আরও বড় পরিসরে তরুণদের এই ক্রিকেট-আবেগ উদযাপন করতে চাই আমরা।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, আট বছর ধরে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের ক্রিকেটের সঙ্গে যুক্ত করে আসছি আমরা। এবারের আয়োজনেও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস আমাদের এই পথচলাকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও তরুণদের আনন্দ, আবেগ ও উদ্যমের সঙ্গে ক্লেমন এভাবেই পাশে থাকতে চায়।
বাংলাদেশের খবর/আরইউ

