Logo

খেলা

‘অধিনায়ক না, স্বৈরাচার’- জ্যোতিকে নিয়ে ক্রিকেটারদের অভিযোগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১

অ
‘অধিনায়ক না, স্বৈরাচার’- জ্যোতিকে নিয়ে ক্রিকেটারদের অভিযোগ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব ও আচরণ নিয়ে দলের একাধিক ক্রিকেটারের অভিযোগের পর বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠকে দলের পরবর্তী অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় দলের একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তাদের একজন অধিনায়কের আচরণকে ‘স্বৈরাচারী’ হিসেবে বর্ণনা করেছেন।

ওই ক্রিকেটারের ভাষ্য, ‘সে তো অধিনায়ক না, স্বৈরাচার। তার কথার বাইরে গেলে বা বিপরীত মত দিলেই রোষানলে পড়তে হয়।’

আরেক ক্রিকেটার অভিযোগ করেছেন, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একটি ম্যাচের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, বল তার কাছে আসার আগেই জ্যোতি চিৎকার শুরু করেছিলেন। এতে ঘাবড়ে গিয়ে তিনি বলটি মিস করেন। এরপর অধিনায়ক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন ওই ক্রিকেটার।

তার দাবি, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও জ্যোতির আচরণে তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন।

এদিকে, সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই পরাজয়ের পর টি-টোয়েন্টি সংস্করণে আর অধিনায়কত্ব করতে চান না বলে বিসিবিকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন জ্যোতি।

তবে জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। আগামীকালের বৈঠকে দলের ক্রিকেটারদের বক্তব্য শোনা হবে এবং এরপর নেতৃত্ব ও কোচিং কাঠামো নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ নারী দলের সামনে এখন অস্ট্রেলিয়া সফর। আগামী ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে দলের। গুরুত্বপূর্ণ এই সফরের আগে অধিনায়কত্ব নিয়ে তৈরি হওয়া আলোচনা ও ক্রিকেটারদের অভিযোগ দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর নারী ক্রিকেট অঙ্গনের।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন