Logo

খেলা

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

‘স্পিনারত্রয়ী’তে ৩ দিনেই পাকিস্তানের বড় জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

অ
‘স্পিনারত্রয়ী’তে ৩ দিনেই পাকিস্তানের বড় জয়

ক্রিকইনফো থেকে নেওয়া ছবি

বৃষ্টির কারণে প্রথম দিনে পুরো খেলা হয়নি। তবুও তিন দিনেই শেষ মুলতান টেস্ট। দুই দলের ৪০ উইকেট পড়তে লেগেছে কেবল ১০৬৪ বল। নিজেদের মাটিতে এর চেয়ে সংক্ষিপ্ত টেস্ট আর দেখেনি পাকিস্তান। সংক্ষিপ্ত হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিকরা মাঠ ছেড়েছে ১২৭ রানের বড় জয় নিয়ে। আর এই জয়ে বড় ভূমিকা ছিল তিন স্পিনারের।

রোববার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২৫১ রানের লক্ষ্যে ক্যারিবিয়ানরা থেমেছে ১২৩ রানে। টেস্টের প্রথম ইনিংসেও তারা দেড় শ পেরোতে পারেনি। আগে ব্যাটিং করা পাকিস্তান ২৩০ রান জমা করে থামলে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৩৭ রানে। দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল থামে ১৫৭ রানে। তার জবাবেই লেজেগোবড়ে ক্রেগ ব্রাথওয়েটের দল।

পাকিস্তানের স্পিন অ্যাটাকের সামনে যে ওয়েস্ট ইন্ডিজ বেশিক্ষণ থিতু হতে পারবে না, তার ইঙ্গিত মিলেছিল প্রথম ইনিংসে। সেবার ৫ উইকেট নেন নোমান আলী। তবে প্রথম চারটি উইকেট ছিল সাজিদ খানের। দ্বিতীয় ইনিংসে দাপট দেখান এই অফ স্পিনার। মাত্র ৫০ রানে শিকার করেন ৫ উইকেট। সবমিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে অ্যালিক অ্যাথানেজ ছাড়া আর কোনো ব্যাটারই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। সাজিদ বাদে পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন আবরার আহমেদ ও বাকি একটি নোমানের।

অথচ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। লাঞ্চের আগে একে একে ১২ উইকেটের পতন দেখা যায়। জোমেল ওয়ারিক্যানের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সামনে ১৫৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কেবল ৩২ রানে ৭ উইকেট নেন ওয়ারিক্যান।

প্রথম সেশন যখন শেষ হয়, তখন ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ৫ উইকেটে ৫০ রান। এরপর পাকিস্তানের জয় কেবল সময়ের ব্যাপার ছিল মাত্র। আর সেটাই হলো। এ নিয়ে দুই ইনিংসের সবগুলো উইকেটই পাকিস্তানের স্পিনারদের দখলে গেল।

বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন