Logo

প্রযুক্তি

দিল্লিতে শুরু হলো বিশ্ব এআই সম্মেলন, যোগ দিচ্ছেন রাষ্ট্রপ্রধান ও প্রযুক্তি বিশ্বের শীর্ষ কর্তারা

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭

দিল্লিতে শুরু হলো বিশ্ব এআই সম্মেলন, যোগ দিচ্ছেন রাষ্ট্রপ্রধান ও প্রযুক্তি বিশ্বের শীর্ষ কর্তারা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ভবিষ্যৎ এবং এর প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ শীর্ষক এই মেগা ইভেন্টে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম সারির প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। দক্ষিণ এশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এত বড় মাপের আয়োজন এর আগে কখনো দেখা যায়নি।

শুক্রবার পর্যন্ত চলতে থাকা এই সম্মেলনে গুগলের সুন্দর পিচাই এবং ওপেনএআই-এর স্যাম অল্টম্যানসহ প্রায় ৪০টি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। আগামী বৃহস্পতিবার এই বিশ্বমঞ্চে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত মণ্ডপম ও সুষমা স্বরাজ ভবনসহ দিল্লির বেশ কয়েকটি ভেন্যুতে এই সম্মেলনের অধিবেশনগুলো অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে দুই লাখেরও বেশি মানুষ নাম নিবন্ধন করেছেন। বড় বড় প্রযুক্তিবিদের পাশাপাশি এই তালিকায় বিপুল সংখ্যক কৃষক এবং অসংগঠিত খাতের কর্মীরাও রয়েছেন, যা প্রযুক্তির সাধারণ মানুষের জীবনে প্রভাবের দিকটি ফুটিয়ে তুলেছে।

বর্তমানে এআই বিশেষজ্ঞ ও কর্মীবাহিনীর সংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান দ্বিতীয়। এই গুরুত্বকে সামনে রেখেই বড় ধরনের বিনিয়োগের ঘোষণাও আসতে শুরু করেছে। মাইক্রোসফট ইতোমধ্যে আগামী চার বছরে ভারতে এআই অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাঁচ দিনের এই সম্মেলনে আরও অনেক বড় প্রতিষ্ঠান ভারতে তাদের বিনিয়োগ সম্প্রসারণের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : impact.indiaai.gov.in

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর