Logo

ভিডিও

‘শ্বেতপত্র কমিটির কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:২৮

অ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া শ্বেতপত্র প্রতিবেদনকে এখনো খসড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য । তিনি বলেন, ‘প্রতিবেদনের কিছু পরিসংখ্যান পুনর্বিবেচনা করা হতে পারে। সম্পাদনা শেষে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে এটি ছাপার অক্ষরে প্রকাশ হবে। এই প্রতিবেদনের গ্রন্থস্বত্ব বাংলাদেশ সরকারের। শ্বেতপত্রকে সরকার নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছে।’

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

শ্বেতপত্র কমিটির কাজ চোর ধরা নয়, চুরির বর্ণনা দেওয়া বলে উল্লেখ করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, ‘এই শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, দুর্নীতির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এই কমিটির কাজ চোর ধরা না, চুরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা।’

তিনি বলেন, ‘১২ জন নামজাদা অর্থনীতিবিদ নিয়ে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছিল। একটি প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে এই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। ৯০ দিনের মধ্যে আমরা নিজেরা ১৮ বার সভা করেছি। নীতিনির্ধারকদের সঙ্গে ২২ বার সভা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম সভা ছিল ছাত্রদের সঙ্গে। তাদের সর্বোচ্চ জোর ছিল মানসম্মত শিক্ষার ওপরে। শ্বেতপত্রের পুরো প্রক্রিয়া না বুঝলে এই দলিলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জনমানুষের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখে এটি প্রস্তুত হয়েছে।’

তিনি বলেন, ‘তিন মাস অক্লান্ত পরিশ্রম করে  এই শ্বেতপত্র তৈরি করা হয়েছে। এমনকি যতটি সভা হয়েছে, সেখানে একটি পয়সা সিটিং অ্যালাউন্স নেওয়া হয়নি। বিদেশি পরামর্শক এনে এই শ্বেতপত্র করা হলে ন্যূনতম ২৫ কোটি টাকা খরচ হতো। কমিটি এটি দেশের জন্য নিঃস্বার্থ অবদান হিসেবে করেছে, যা দেশের স্বার্থে উদহারণ হয়ে থাকবে।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রথাগত গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে এই প্রতিবেদন প্রস্তুত হয়েছে। দেশি-বিদেশিদের সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদনের নানা দিক অন্তর্ভুক্ত হয়েছে।’


ডিআর/এমজে/এনজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন