দুপুরের মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে (দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে) ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
- ডিআর/এটিআর

