রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় রোববার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ঢাকা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
বৃষ্টিসহ বজ্রবৃষ্টি চলতে পারে। তাই নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিআর/এমবি

