বৃষ্টির পর সবুজ পাতায় জমেছে সতেজতার ঝিলিক। ছবি : মো. মুস্তাঈন বিল্লাহ
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্র অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায়ও এমন আবহাওয়া দেখা যেতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার দিক থেকে মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এসআইবি/এমবি

