ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে বৃষ্টির এ ধারা অনেকটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গভীর নিম্নচাপটি এখন স্থল নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। তা ছাড়া বর্ষাও বিদায় নেয়ার পথে, তাই শেষ সময়ে বৃষ্টি ঝরছে। তবে আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে।’
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা নাগাদ ওড়িশা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে যেতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
অন্যদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
এএ

