ছবি : বাংলাদেশের খবর
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের শুরুর এই সময়ে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।

