কেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
রোববার ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পৃথক পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
এমবি

