ভয়ংকর বায়ুদূষণের কবলে পড়ে দমবন্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন রাজধানীবাসী। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিশ্বের ১১৯টি শহরের মধ্যে দূষণে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এদিন সকালে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২১১, যা পরিবেশ বিজ্ঞানের ভাষায় ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে শঙ্কার বিষয় হলো, ঢাকার চেয়েও প্রতিবেশী জেলা গাজীপুরের বাতাস আরও বেশি বিষাক্ত হয়ে উঠেছে; সেখানে দূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে ২৯০।
জানুয়ারি মাসজুড়েই ঢাকা দূষণের তালিকায় প্রথম সারিতে ছিল, ফেব্রুয়ারির শুরুতেও সেই পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। আজ ঢাকার পাঁচটি এলাকা- নিকুঞ্জ, হেমায়েতপুর, মিরপুর ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী ও ধানমন্ডিতে বাতাসের মান ছিল উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, অনিয়ন্ত্রিত নির্মাণকাজ এবং ইটভাটার দূষণ স্থানীয়ভাবে বাতাসের বিষ বাড়িয়ে তুলছে। অথচ সরকারি পর্যায়ে বায়ুদূষণ রোধে নানা প্রকল্পের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
আজকের এই দূষিত পরিস্থিতিতে নগরবাসীকে সুরক্ষায় জরুরি পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অবস্থায় ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া বাড়ির বাইরে শরীরচর্চা না করা এবং ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজকের বৈশ্বিক তালিকায় ২২০ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।
এমএন

