Logo

আবহাওয়া

তীব্র গরমে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২০:৪৪

তীব্র গরমে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস: গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

বৈশাখের শুরুতে দেশজুড়ে জেঁকে বসা তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। বিশেষ করে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তাপমাত্রার বর্তমান চিত্র ও বৃষ্টির সম্ভাবনা: শুক্রবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকেই ঢাকা, পাবনা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে উত্তরের জেলাগুলোতে ইতোমধ্যে আবহাওয়া বদলাতে শুরু করেছে। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে ২৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত শুরু হয়েছে। ধীরে ধীরে এই বৃষ্টির প্রবণতা মধ্যাঞ্চল ও দক্ষিণে ছড়িয়ে পড়বে। আগামীকাল (রোববার) সকালে ঢাকায় বৃষ্টি হতে পারে। এর ফলে সোমবার থেকে গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে।”

নৌ-হুঁশিয়ারি সংকেত: রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে নদীপথে হঠাৎ ঝোড়ো বাতাস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের বেগ ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতির কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

৫৫ ডিগ্রি তাপমাত্রার সতর্কবার্তা একটি গুজব’: এদিকে গত কয়েকদিন ধরে ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত দেশে তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ওই বার্তায় বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর’ ও ফায়ার সার্ভিস’-এর বরাত দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে না বের হওয়ার উচ্চ সতর্কতা দেওয়া হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই তথ্যটি সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে কখনোই ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়নি এবং বর্তমান ভৌগোলিক ও জলবায়ু পরিস্থিতিতে ৫৫ ডিগ্রি তাপমাত্রা হওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। জনমনে আতঙ্ক ছড়ানোর জন্যই একটি চক্র এই ধরনের গুজব ছড়াচ্ছে।”

ফায়ার সার্ভিসের স্পষ্টীকরণ: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা এ ধরনের কোনো সতর্কবার্তা বা নির্দিষ্ট তারিখ উল্লেখ করে তাপমাত্রা সংক্রান্ত কোনো বার্তা প্রচার করেনি। ফায়ার সার্ভিসের লোগো ব্যবহার করে যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা সাধারণত ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ২৭ থেকে ৩০ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই অতি গরমে মোবাইল ফোন বিস্ফোরণ বা সাপ-বিছা বেরিয়ে আসার মতো অতিরঞ্জিত তথ্যে কান না দিয়ে সরকারি দপ্তরের দাপ্তরিক পেজ বা মূল ধারার সংবাদমাধ্যমের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন