বইমেলা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২
ফাইল ছবি
আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলা একাডেমি। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায় অবস্থিত শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা উপস্থিত থাকবেন।
তারা বইমেলার সার্বিক প্রস্তুতি, বর্তমান পরিস্থিতি এবং একাডেমির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। পাশাপাশি মেলার নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হলেও এবার দেশের নির্বাচনী পরিস্থিতি ও রোজার মাসের প্রেক্ষাপটে মেলার সময়সূচি নিয়ে এই সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকাশকদের পক্ষ থেকে রোজার মধ্যে না করে ঈদের পরে মেলা আয়োজনের দাবি করা হয়েছে।
এমএইচএস

