‘লেখামালা’র যুগপূর্তিতে সম্মাননা পাচ্ছেন ৬ গুণী ব্যক্তি
জীবনানন্দ প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৬:৫৮
ছবি কোলাজ : বাংলাদেশের খবর
মন ও মননের ছোটকাগজ ‘লেখামালা’র এক যুগ পূর্তি উপলক্ষে ৬ জন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) পত্রিকাটির সম্পাদক কবি মামুন মুস্তাফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর সাহিত্যে ‘লেখামালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও ‘নিসর্গ’ সম্পাদক সরকার আশরাফ। এছাড়া অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে ‘লেখামালা সম্মাননা ২০২৬’ প্রদান করা হচ্ছে। তারা হলেন— কবিতায় শূন্য দশকের উজ্জ্বল কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ ও গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন-কে ‘লেখামালা প্রবর্তিত গোলাম রসূল স্মৃতিপদক’ প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেখামালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণীজনকে সম্মাননা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ঈদুল ফিতরের পর সুবিধাজনক সময়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ‘যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। ১২ বছর ধরে নিয়মিত প্রকাশিত এই সাহিত্যকাগজটি দেশের সৃজনশীল অঙ্গনে নিজস্ব স্বকীয়তায় পাঠক ও লেখকদের আস্থা অর্জন করেছে।
এমএইচএস

