নোয়াখালী কবিতা উৎসবের প্রস্তুতি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১
ছবি: সংগৃহীত
নোয়াখালী কবিতা উৎসব ২০২৬-এর প্রথম প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকার রমনা রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভায় উৎসবের সময়, ভেন্যু ও আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উদযাপন পরিষদের উপদেষ্টা ও বর্ষীয়ান কবি আরিফ মঈনুদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক কবি বদরুল হায়দার। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কবি প্রত্যয় জসীম, সদস্য সচিব কবি জামিল জাহাঙ্গীর, উদযাপন পরিষদের সদস্য কবি লিয়াকত বখতিয়ার, ভাস্কর নাসির খান, কবি ও কণ্ঠশিল্পী অভিলাস দাস, আকা আজাদ এবং কবি দীপঙ্কর মারডুক।
সভায় জানানো হয়, ২০২৪ সালের মে মাসে প্রথম নোয়াখালী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। বৃহত্তর নোয়াখালীর তিন জেলার প্রায় ৩০০ সক্রিয় কবির অংশগ্রহণে আয়োজিত ওই উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের কবিরাও অংশ নেন।
এরই ধারাবাহিকতায় ‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ স্লোগানে দ্বিতীয় নোয়াখালী কবিতা উৎসব ২০২৬ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।
আয়োজকেরা জানান, অক্টোবর ২০২৬-এর প্রথমভাগে বৃহত্তর নোয়াখালীর তিন জেলায় সফর করে স্থানীয় সমন্বয়ক ও সংশ্লিষ্ট কবিদের সঙ্গে মতবিনিময় করা হবে। ওই সফরের মাধ্যমে উৎসবের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি, ভেন্যু ও অন্যান্য আয়োজন চূড়ান্ত করা হবে।
উৎসব আয়োজনে বৃহত্তর নোয়াখালীর কবি ও কবিতাসংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।
বাংলাদেশের খবর/আরইউ

