ছবি: সংগৃহীত
মাঝে মাঝে রায়হানের নিজেকে একটা স্কেলার রাশি মনে হয়। সামান্য কিছু মান হয়তো আছে, কিন্তু কোনো দিক নেই। দিক না থাকার ব্যাপারটা একদম শুরু থেকেই।
জামা-জুতা, বই-খাতা, গোসল-খাওয়া কোনো কিছু নিয়েই তার কখনও কোনো গোছানো মনোভাব ছিল না। বাসায় থাকলে পড়ে পড়ে ঘুমাত। বেলা বাড়লে মাঝে মধ্যে পড়াশোনার নাম করে স্কুলে গেলেও আদতে সারাদিন করত খেলাধুলা। প্রবল প্রতাপে ফুটবল পিটিয়ে বন্ধুমহলে রোনালদো রায়হান হিসেবে প্রচুর বাহবা পেলেও, স্বভাবতই রিপোর্ট কার্ডে পর্যাপ্ত নাম্বার সে কখনোই পায়নি।
বাবা-মা প্রচুর চেষ্টা করেছেন। বেতের বাড়িতে পায়ে দাগ বসে গেছে। কিন্তু নাম্বারের এই দৈন্যকে স্কুল কালে রায়হান পাত্তা দেয়নি। ভেবেছে লুতুপুতু টাইপ ক্লাসওয়ার্ক- হোমওয়ার্ক, লসাগু-গসাগু এসব তেমন কোনো ব্যাপার না। কলেজে উঠে সামলে নেবে। সামলে নিতে সে পারেনি, বরং আরও পিছলে গেছে। পাশের কলেজের ইঁচড়ে পাকা এক মেয়ের পিছে ঘুরতে ঘুরতে সিগারেট ফুঁকে সে বছর দেড়েক চোখের নিমিষে ছাই করে ফেলল। তারপর ঘড়ির কাঁটা বেয়ে যখন ঘনিয়ে এল পরীক্ষা, টেবিলে বই খুঁজে পেল না রায়হান।
শেষমেষ খাটের তলের নিম্নতম স্তর থেকে যখন ধুলোমাখা উচ্চমাধ্যমিকের বইগুলি বের করল রায়হান, ততক্ষণে ক্ষতি যা হবার তা হয়ে গেছে। দীর্ঘদিনের মরিচা পড়ায় পড়াশোনার অবস্থা শোচনীয়। এখন যতই সে তড়পাক, ভালো ফল তার হবে না। ভালো কোনো বিশ্ববিদ্যালয়েও সে ঢুকতে পারবে না। হালকা জুহি চাওলার মতো দেখতে সেই মেয়ে চোখের সামনে থেকে হঠাৎ হারিয়ে কই গেল কে জানে। আর পেছন ফিরে রায়হান দেখল সেই বাহবামুখর বন্ধুকূলের পিনিক আড্ডাটাও আজ আর নেই, আজ আর নেই।
আছে অজগরের শিকার ধরা চাপের মতো কঠিন বাস্তব। সেই বাস্তবের চাপে নাম না জানা বিশ্ববিদ্যালয়ে কোনোরকমে নামকাওয়াস্তে পড়াশোনা শেষ করে এখন সে নাম না বলার মতো একটা বায়িং হাউজে চাকরি করে। ম্লান আলোর একটা বদ্ধ ঘরে তার দিন কাটে ছোট্ট একটা কাঁচঘেরা খোপে। সেখানে ল্যাপটপের সামনে বসে কিছু ফাইল সে এদিক থেকে ওদিক সরায়, ই-মেইল আসলে করে রিপ্লাই অল- এক কথায় এই তার কাজ। খুব বেশি হলে অন্যের পাঠানো এক্সেলে দুইটা নতুন ফর্মুলা বসিয়ে নতুন নামে সেভ করে। মারাত্মক বোরিং কাজ।
কিন্তু বোরিং হলেও এই কাজ তার করতে হয়। নয়তো গ্যাস-কারেন্টের খরচ সহ শনির আখড়ার এই দুই রুমের বাসা ভাড়াও সে দিতে পারত না। সেই সাথে সপ্তাহের বাজার, রাইডারের খরচ, রাকিবের স্কুলের বেতন এসব তো আছেই। তবে শুধু একার চাকরিতে সংসার সে পুরোটা টানতে পারত তা কিন্তু না, তানিয়া একটা ছোটখাট ট্র্যাভেল এজেন্সিতে কাজ করে বলে দুই জনে মিলে কোনো রকমে চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে এখনও আটকে যায়নি। তবে একটু এদিক ওদিক হলেই আটকে যাবে।
আটকে যেন না যায়, সে ব্যাপারে রায়হান যতটুকু সম্ভব যত্নবান। আগের সেই চোয়াল শক্ত দুর্ধর্ষ বেপরোয়া ভাব তার মধ্যে আর অবশিষ্ট নেই। ঘনঘন সিগারেট ফোঁকাও বাদ দিয়েছে। এখন শান্তভাবে দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনা করার চেষ্টা করে সে। সঞ্চয়পত্র কেনার জন্য টাকা জমায়, অন্যদিকে আইএলটিএস দিবে কিনা সে ব্যাপারেও নেট ঘাঁটে। সাহস করে ব্যাঙ্ক লোন নিয়ে কয়েকজন সমমনা সহকর্মী মিলে বসুন্ধরায় তিন কাঠার একটা প্লট কিনবে কিনা এই ব্যাপারে এআই-এর সাথে তুমুল বিতর্ক করে। এআই ইনিয়ে-বিনিয়ে নানা রঙ-ঢং-এর কথা বলে, কিন্তু বাস্তব সমাধান দিতে পারে না। বিরাট নিরাশার মধ্যে আছে রায়হান।
তবে অবস্থা যে একবারেই ধ্বংসপ্রাপ্ত তাও না। কিছুটা আশার আলো দেখতে পায়, এরকম একটা জায়গা রায়হানের আছে। আশাতীত ভাবে এই আলোর সন্ধান সে পেয়েছে রাকিবের পড়াশোনা দেখতে গিয়ে। সারাজীবন নিজের পড়াশোনা অবহেলা করলেও ছেলের পড়াশোনার ব্যাপারে এখন সে মহা যত্নবান। সে কারণে সারাদিনের ব্যস্ততায় শরীর যতই ভেঙে আসুক, বাসায় ফিরে ছেলের ক্লাসওয়ার্ক-হোমওয়ার্কের পাতা উল্টে দেখে রায়হান প্রায় প্রতিদিন। দেখে আর অবাক হয়।
অবাক হওয়ার কারণ আছে। তানিয়া যে একটা নিরেট বেকুব, এটা রায়হান জানে শুরু থেকেই। শুধুমাত্র ঢেউ খেলানো চুল আর লম্বা চেহারা দেখেই রায়হানের মতো বনেদি আদু ভাইকে যে বিয়ে করে, সেই মেয়ে আর যাই হোক চালাকের শিরোমণি না। সেই বোকা তানিয়া আর মাকালফল রায়হানের ছেলে চালাক চতুর বা ব্রিলিয়ান্ট হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কিন্তু প্রকৃতি মাঝে মাঝে যুক্তি মেনে চলে না। বরং প্রকৃতির পথচলায় নতুন কোনো অদ্ভুত যুক্তির জন্ম হয়।
রাকিবের ব্যাপারটা অনেকটা সে রকম। মুক্তার মতো হাতের লেখা, হঠাৎ করে দেখলে মনে হয় ছাপা কাগজ। নির্ভুল বানানে লেখা সারিসারি সঠিক উত্তর। এত ছোট বাচ্চা এত পরিণত বাক্য কীভাবে লেখে মাথা চুলকে কূলকিনারা পায় না রায়হান। নিজের অন্ধকার অতীতের তুলনায় ছেলের আলোকিত রিপোর্ট কার্ডের চরম পার্থক্য তাকে পুলকিত করে। নাম্বারের ঘরে একশ আর একশ, আবার একশ। চোখে নেশা ধরে যায় রায়হানের। সে গাঢ় স্বরে জানতে চায়, ‘বাবা, এই জন্মদিনে তুমি কী নিবে?’
রাকিব লজ্জার হাসি হাসে। তার খুবই শখ সে একটা সাইকেল কিনবে। ফ্রেমের রঙ হবে লাল, সেই সাথে টায়ার কিছুটা মোটা, যেন বাইকের মতো একটা আবহ আসে। গিয়ারওলা হলে ভালো হয়, তবে গিয়ার ছাড়া হলেও চলবে। নিজের এই শখের কথা সে মা’কে কয়েকবার বলেছে। এখন মুখফুটে বাবাকেও বলে। পরদিনই দুইজনে ঝক্কর বাসে করে বংশাল যায় সাইকেল কেনার জন্যে। যথেষ্ট বুদ্ধি থাকলেও রাকিবের জানার কথা না তার বাবা গত সাত মাস টাকা জমিয়ে তারপর আজ সাইকেল কিনতে যাচ্ছে। কিছু কথা না জানাই ভালো।
তবে নতুন কিছু জানার ব্যাপারে রাকিবের কৌতূহল অসীম। সাইকেল নামের এই অদ্ভুত জিনিসটা তাকে নাড়া দেয়। দুই চাকার ওপর বসানো দোদুল্যমান একটা যন্ত্র, নিজে থেকে দাঁড়িয়ে থাকতে পারে না। সেটা চালানোর চেষ্টা করলেও একই ব্যাপার, সোজা করে রাখা যায় না, হেলে পড়ে। কিন্তু কিছুদিন চেষ্টা করলে দিব্যি চালানো যায়। গতি দিয়ে অস্থির একটা জিনিসকে স্থির করা যায় - খুবই অদ্ভুত ব্যাপার। বাসার পিছে সরু গলিতে হ্যান্ডেল ধরিয়ে চালানো শেখানোর সময় বাবাও ব্যাপারটা ব্যাখ্যা করতে পারল না কেন এমন হয়। যে জিনিস স্থির অবস্থায়তেই ভারসাম্য রাখতে পারে না, সে কীভাবে চলন্ত অবস্থায় সোজা থাকে? গভীর চিন্তার বিষয়।
বিষয়টা বুঝতে মায়ের মোবাইলে গিয়ে ইউটিউবে ঢোকে রাকিব, বেশ কিছু ভিডিও দেখে মোটামুটি একটা ধারণা পায়। নতুন কিছু শিখতে তার খুবই ভালো লাগে, তবে জ্ঞানের আসল মজা বিতরণে। সে কারণে রাতে খাবার টেবিলে বসে বাবাকে নানাভাবে সে বোঝানোর চেষ্টা করে সারাদিন সে কী কী শিখল। ভরকেন্দ্র কাকে বলে, ভরকেন্দ্র চাকার লাইনে আনতে পারলে কেন সাইকেল হেলে পড়ে না, গতি দিয়ে কীভাবে অল্প এদিক-ওদিক করেই সাইকেলের ভরকেন্দ্র চাকার লাইনে আনা যায় ইত্যাদি ইত্যাদি মহাজ্ঞানের নানারকম বয়ান। বাবা খালি হাসে, মাঝে মাঝে অবাক হবার ভান করে। কিছু না বুঝেই বলে, ‘বুঝতে পেরেছি। কিন্তু তুমি একা সাইকেল নিয়ে রাস্তায় নামবা না, ঠিক আছে?’ রাকিব হ্যাঁ বোধক মাথা নাড়ে।
বায়িং হাউজের বদ্ধ ঘরের ম্লান আলোতে ছোট্ট একটা কাঁচঘেরা খোপে বসে ল্যাপটপের পর্দায় এদিকের ফাইল ওদিকে পাঠায় রায়হান। আর মোবাইলের পর্দায় ঘাঁটে ফেসবুকের জঞ্জাল। আচ্ছা, সেই জুহি চাওলার প্রোফাইলটা এখন পাওয়া যাবে কি? পাওয়া গেলেও সেখানে নক করা কি উচিত হবে? এমন একটা এলোমেলো ভাবনার মাঝে হঠাৎ ট্রাফিক বিষয়ক একটা গ্রুপের পোস্টে চোখ আটকে যায় রায়হানের। গলার কাছে আটকে যায় শক্ত কিছু। শনির আখড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় দ্রুতগতির পিকআপের নিচে সাইকেলসহ তের বছরের শিশু। রক্তের রঙ লাল। সেই সাথে সাইকেলের রঙও লাল। বাচ্চাটার শরীর কাপড় দিয়ে ঢাকা, একটা পা বের হয়ে আছে।
সব বাচ্চাদের পা দেখতে মোটামুটি একই রকম হয়। কিন্তু তাই বলে রায়হান যা ভাবছে তা নিশ্চয়ই সত্য নয়। অবশ্য রায়হান ভাবছে- এই কথাটা ঠিক না। ভাবনাটা রায়হানকে ভাবাচ্ছে। কারণ কোনো একটা উপলক্ষে আজকে রাকিবের স্কুল ছুটি। হাতের ঠাণ্ডা তালুতে মোবাইল নিয়ে ছবিগুলি নানাভাবে জুম করে দেখল রায়হান। বোঝা যাচ্ছে না ঠিকমতো। স্পষ্ট ছবি কেউ দেয়নি। সবই ব্লার করা।
ছবি দেখা বাদ দিয়ে তানিয়াকে কল করল রায়হান। ফোন বাজছে, বেজে বেজে থেমে গেল। কপাল থেকে একটা ঘামের ফোঁটা টপ করে পড়ল মোবাইল ফোনের ওপর। সেটা মুছে আস্তে করে চেয়ার থেকে উঠে পড়ল রায়হান। তানিয়া ফোন ধরেনি মানে এখন ধরবেও না। সাইলেন্ট করে রেখেছে। দিনের বেলায়ও ফোন সাইলেন্ট করে রাখার এই বিকট বদভ্যাস তানিয়ার আছে। অনেক বলার পরেও মনে হয় না শোধরাবে। এখন শোধরানোর চেষ্টা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হাতে কোনো সময়ই নেই। এখনই বাসায় যেতে হবে।
নাকি আগে বাড়িওলাকে ফোন করে জেনে নেবে বাসার কী অবস্থা? অফিসের কামরা থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে বাড়িওলা মহসিন সাহেবকে ফোন করল রায়হান। মহসিন সাহেব ফ্যামিলি নিয়ে সাজেক ঘুরতে গেছেন। ফোনে মহা হট্টগোলের আওয়াজ আসছে, ভিড়ের মধ্যে তিনি রায়হানের কথা ঠিকমতো বুঝতে পারছেন না। মহা সমস্যা। কাউকেই ডেকে পাওয়া যাচ্ছে না। কাকে ডাকলে পাশে পাওয়া যাবে এই ভয়াবহ দিনে?
নিচের ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল রায়হান। তারপর গেল অফিসের করিডোরের সাথে লাগোয়া প্রেয়ার রুমে। শেষ কবে নামাজ পড়েছে মনে পড়ছে না। অজুও নেই। কিন্তু রায়হানের মাথা কাজ করছে না। সে ওই অবস্থাতেই একটা সিজদা করল। আল্লাহ, আমি একটা জঘন্য আবর্জনা, কিন্তু আমার ছেলেটা অতি ভদ্র, ভালো, নিষ্পাপ। আমার ছেলের যেন কিছু না হয়।
অফিস থেকে রাইড শেয়ার মোটরবাইকে বাসায় যেতে সময় লাগে আধ ঘণ্টার মতো। এই আধ ঘণ্টা সারা জীবনের মতো বড় মনে হচ্ছে। এত বড় সময় কীভাবে কাটবে রায়হানের জানা নেই। জানা নেই গন্তব্যে পৌঁছার পরে কী দেখবে। জানা নেই, ডাকে সাড়া পাবে কিনা। কিছুই জানা নেই। কারণ সময়ের আগে জানার কোনো উপায় নেই। তাহলে এই কঠিন সময়টা সে পার করবে কীভাবে?
ঘিঞ্জি ভিড়ের ফাঁকফোঁকরে বাউলি কেটে বাইক চালাচ্ছে রাইডার। পিছে স্থানুর মতো বসে রায়হান একাগ্রচিত্তে চেয়ে আছে সামনে। সে মনে-প্রাণে বিশ্বাস করে সে ডাকে সাড়া পাবে। জীবনের আকাঙ্ক্ষা আর আশঙ্কার দুই চাকার মাঝের ভরকেন্দ্র এই একটাই। সেটি হল বিশ্বাস। সেই বিশ্বাসে ভর করে রায়হান ছুটে চলেছে। এছাড়া এখন তার হাতে করার মতো আর কিছুই নেই।
এছাড়া কখনোই কি করার মতো কিছু মানুষের হাতে আছে? রায়হানের জানা নেই।
বাংলাদেশের খবর/আরইউ

