বইমেলায় আসছে এম এম উজ্জ্বলের ‘অনন্ত সংগ্রাম’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৩
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে এম এম উজ্জ্বলের প্রথম উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী, মুদ্রিত মূল্য ৩০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন জারিফ।
‘অনন্ত সংগ্রাম’ উপন্যাসে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমের অপসংস্কৃতি, ছাত্র সংগঠনের নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন, যৌক্তিক দাবি আদায়ে ছাত্র আন্দোলনের নৃশংসতা এবং শহরে মেসজীবনের নানা অন্যায়-অনাচার। পাশাপাশি উঠে এসেছে গ্রাম থেকে আসা সহজ-সরল মেধাবী ছাত্র-ছাত্রীদের ভাগ্য বদলাতে গিয়ে শহরে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার করুণ পরিণতি।
গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এক প্রবাসী স্বামীর মানসিক নিপীড়নে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর অপ্রকাশিত প্রেম ও মানসিক দ্বন্দ্ব। মধ্যবিত্ত সমাজের তিক্ত বাস্তবতা, জীবনের জটিল সমীকরণ, এবং একের পর এক ঘটনার টানটান উত্তেজনায় উপন্যাসটি এগিয়েছে।
উপন্যাসের ভূমিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান লিখেছেন, জীবন মানেই সংগ্রাম, যার কোনো শেষ নেই। মধ্যবিত্ত জীবনে এ সংগ্রাম আরও তীব্র। ‘অনন্ত সংগ্রাম’ উপন্যাসে এই সামাজিক বাস্তবতাকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। নবীন লেখকের এই কাজ স্বল্প সময়েই পাঠকের মন জয় করবে বলে আমার বিশ্বাস।
জ্ঞানকোষ প্রকাশনীর প্রধান নির্বাহী ওয়াসি তরফদার বলেন, লেখকের প্রথম বই হলেও ‘অনন্ত সংগ্রাম’ পাঠকদের হৃদয় জয় করবে। বইটি মেলায় আমাদের প্যাভিলিয়ন এবং অনলাইন বুকশপেও পাওয়া যাবে।
লেখক এম এম উজ্জ্বল বলেন, পত্রিকায় লেখালেখি করলেও ‘অনন্ত সংগ্রাম’ আমার প্রথম প্রকাশিত বই। এতে চেষ্টা করেছি সমাজের তিক্ত বাস্তবতা তুলে ধরতে। গ্রাম থেকে মুক্তির আশায় শহরে আসা তরুণ-তরুণীদের জীবনের কঠিন পরিস্থিতি এবং একের পর এক অভাবনীয় ঘটনা পাঠককে মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস।
এম এম উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে একটি সরকারি সংস্থায় কর্মরত রয়েছেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে নিয়মিত লিখে যাচ্ছেন এবং স্বপ্ন দেখেন একটি মানবিক পৃথিবী গড়ে তোলার।
`অনন্ত সংগ্রাম' বইটি মেলা উপলক্ষে জ্ঞানকোষ প্রকাশনীর প্যাভিলিয়নে পাওয়া যাবে।
এমএইচএস

