বইমেলায় আসছে শারমিন সুলতানা চৌধুরীর ‘মেষপালক’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২১:২৩
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে শারমিন সুলতানা চৌধুরীর নতুন শিশুতোষ উপন্যাস ‘মেষপালক’। বইটি প্রকাশ করছে চলন্তিকা প্রকাশনী। মলাট মূল্য ধরা হয়েছে ২৪০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন নাতাশা মীর নাহার।
‘মেষপালক’ রূপকথার এক ভিন্ন জগতে নিয়ে যাবে শিশুপাঠককে। গল্পে দেখা যাবে গভীর বনের এক যাদুর বুড়ি, এক দুষ্ট মেষপালক, আর এক অদ্ভুত শাপের উপাখ্যান। মেষপালক কীভাবে শাপমুক্তির জন্য অচিন দেশে পাড়ি জমায়, সেখানে রাজকন্যা অপরাজিতার সাথে তার কী ঘটে—এইসব রহস্য ও উত্তেজনায় ভরা টানটান গল্পে মেতে উঠবে শিশু-কিশোররা।
লেখক শারমিন সুলতানা চৌধুরী পেশায় একজন শিশু চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে একজন সফল চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। লেখালেখির জগতে তার আত্মপ্রকাশ ২০১৭ সালে। তার প্রথম উপন্যাস ‘সমান্তরাল বৃত্ত’ ২০১৯ সালে প্রকাশিত হয়। এরপর একে একে বেরিয়েছে ‘প্রেম ভিন্ন সংখ্যা ভিন্ন’, ‘প্রতিবিম্ব’, ‘দ্বিতীয় জীবন’, ‘গোপন’ এবং শিশুদের জন্য লেখা ‘পিজ্জু ভূত’ ও ‘ভূত বলে কিছু নেই?’।
লেখক জানান, শিশুদের জন্য আনন্দদায়ক ও শিক্ষণীয় গল্প নিয়ে ‘মেষপালক’ লেখা হয়েছে। বইটি ছোট-বড় সবার মন ছুঁয়ে যাবে বলে তিনি আশাবাদী।
এমএইচএস

