বইমেলায় সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে লেখা গ্রন্থ ‘সন্ধিক্ষণের সংবাদ’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১
ঐতিহাসিক সময়ের সংবাদ, সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে লেখা গ্রন্থ ‘সন্ধিক্ষণের সংবাদ’ প্রকাশিত হয়েছে এবারের একুশে বইমেলায়। বইয়ে দুষ্প্রাপ্য সংবাদ, সংবাদপত্র ও ছবি যুক্ত করা হয়েছে। ফলে বইটি সাংবাদিকতার ইতিহাস অধ্যয়নের আকর গ্রন্থ হয়ে উঠেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মো. মিনহাজ উদ্দীন ও সাংবাদিক সাইফুল সামিন যৌথভাবে বইটি রচনা করেছেন। প্রকাশ করেছে পলল প্রকাশনী। বইটি পলল প্রকাশনীর স্টল নম্বর ১২৬ -১২৭ পাওয়া যাচ্ছে।
বইয়ের অধ্যায়গুলো সাজানো হয়েছে, সংবাদপত্রে ব্রিটিশ বিরোধিতা, ভাষা আন্দোলন, ৭ মার্চ, ২৫ মার্চ, মুক্তিযুদ্ধ, একাত্তরের চিত্রসাংবাদিকতার মতো বিষয়গুলো দিয়ে। এ ছাড়া ১৯৭৫ সালের ঘটনাপ্রবাহের সংবাদ ও সাংবাদিকতা নিয়ে আছে একাধিক অধ্যায়।
এর মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, ৩ ও ৭ নভেম্বরের অভ্যুত্থান। অধ্যায়গুলোতে যুক্ত করা হয়েছে ঐতিহাসিক ছবি, যা বইটিকে সমৃদ্ধ করেছে। চারটি পরিশিষ্টে ভারতবর্ষের সাংবাদিকতার জনক জেসম অগাস্টাস হিকি ছাড়াও আবুল মনসুর আহমদ, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কুলদীপ নায়ারকে নিয়ে বিশদ আলোচনা আছে।
বইটির লেখক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দীন বলেন, ‘বাংলাদেশের সংবাদপত্র নামে অসাধারণ একটি বই আছে সুব্রত সংকর ধরের। কিন্তু বইটির পরিসর ছোট, মাত্র ১১৪ পৃষ্ঠা। তা ছাড়া ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত এই বইয়ে কোনো ছবি নেই। সংবাদপত্রের ইতিহাস পাঠের সঙ্গে যদি প্রাসঙ্গিক ছবি থাকে, তা শিক্ষণপ্রক্রিয়ার জন্য ভালো। সেই ধারণা থেকে এই বইয়ে দুষ্প্রাপ্য অনেক ছবি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সুব্রত সংকর ধরের গ্রন্থটিতে ১৯৭১ সাল পর্যন্ত আলোচিত হয়েছে। সেখানে এই গ্রন্থে আমরা ১৯৭১ সাল-পরবর্তী বেশ কয়েকটি অধ্যায় যুক্ত করেছি।’
গ্রন্থটির অপর লেখক সাইফুল সামিন বলেন, ‘মো. মিনহাজ উদ্দীন ও আমি একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়েছি। মিনহাজের ইতিহাসের প্রতি ঝোঁক প্রবল। আমারও আগ্রহ আছে। সেই ভালোলাগা থেকেই দুজন মিলে এই গ্রন্থের পরিকল্পনা করি।’
তিনি আরও বলেন, ‘বইটির অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করেছি এমন একটা গ্রন্থ রচনা করতে, যাতে সাংবাদিকতার শিক্ষার্থীরা উপকৃত হন। তারা যাতে একটি গ্রন্থের মধ্যে অনেক কিছু পেয়ে যান। ভবিষ্যতে গ্রন্থটিতে আরও কয়েকটি অধ্যায় যুক্ত করে বড় পরিসরে প্রকাশ করার ইচ্ছে আমাদের রয়েছে। আমরা এটিকে সাংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাস নিয়ে একটি পরিপূর্ণ বই হিসেবে দাঁড় করাতে চাই।’
গ্রন্থটি বিভিন্ন সময়ের সংবাদ ও সাংবাদিকতার চিত্রের পাশাপাশি কয়েকটি ঐতিহাসিক রিপোর্ট পাঠকের জন্য তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ২৫ মার্চ কালরাতে ঢাকার বুকের সংঘঠিত জেনোসাইড নিয়ে বিশ্বখ্যাত সাংবাদিক সায়মন জন ড্রিংয়ের ‘ট্যাংকস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান’, ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিয়ে দ্য নিউইয়র্কের ‘টাইমস জয় অ্যান্ড ম্যারি গোল্ডস’ শিরোনামের প্রতিবেদন।
পলল প্রকাশনী থেকে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ৫৪০ টাকা। ২৫ পার্সেন্ট ছাড়ে অমর একুশে গ্রন্থমেলা থেকে আগ্রহীরা বইটি কিনতে পারবেন। বইটি ২০টি অধ্যায় ও চারটি পরিশিষ্ট নিয়ে ১৯২ পৃষ্ঠা।
জান্নাতুন নাইম/এমজে

