ইসলামি লেখক ফোরামের আনন্দ ভ্রমণ শনিবার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২
প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’র সাহিত্য ও আনন্দ ভ্রমণ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দেশের প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ ভ্রমণ অনুষ্ঠিত হবে। এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা, অভিভাবক, সুধী-শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে ঐতিহ্যের নগরী পানামসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
এদিন সকাল সাড়ে ৭টায় পল্টন থেকে ভ্রমণযাত্রা শুরু হবে। দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে সবার জন্য থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ভ্রমণে তিন পর্বে আপ্যায়ন করা হবে; দেওয়া হবে যাত্রাকালীন নাশতা, দুপুরের খাবার ও ফিরতিকালীন নাশতা।
এছাড়া দিনভর থাকবে পুরস্কারভিত্তিক সাহিত্য ও আনন্দ কর্মসূচি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, সাধারণ জ্ঞান : ফোরামকে জানি, উপস্থিত ছড়া লেখা, ইসলামি সংগীত, হাসিভরা ধাঁধা, লেখক যখন গায়ক, হাসির ঝিলিক কৌতুক, আসর মাতানো : যেমন খুশি তেমন বলা, শক্তির লড়াই দড়ি টানাটানি, পাতিল ভাঙা, বস্তা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙা, চেয়ার খেলা এবং শরীরচর্চামূলক ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন। পাশাপাশি ২০২৪-২৫ সালে লেখদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনও করা হবে এই ভ্রমণ অনুষ্ঠানে।
ইতোমধ্যে ভ্রমণের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম। সাহিত্য ও আনন্দ ভ্রমণের সফলতার জন্য সবার আন্তরিক দোয়া কামনা করেছেন তিনি।
জনপ্রতি রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১০০০ টাকা। রেজিস্ট্রেশন করতে যোগাযোগ নম্বর : ০১৭৩৫৮৯১৩১৯ (বিকাশ) ০১৮১১৮১৮৬৭০ (নগদ) ।
রায়হান রাশেদ/এটিআর

