বাংলাদেশের তরুণদের কাছে পরিবর্তনের শিক্ষা নিয়েছে বিশ্ব : ব্রাজিলের প্রধান বিচারপতি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা প্রদানকালে ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরা একটি দেশকে বদলে দিয়েছে। এদেশের তরুণদের অর্জন থেকে বিশ্ব একটি বিশেষ শিক্ষা গ্রহণ করেছে।’
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘পরিবেশ ও জলবায়ু আইন সম্পর্কিত বৈশ্বিক প্রবণতা’ শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ব্রাজিলের প্রধান বিচারপ্রতি বলেন, ‘সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে, তরুণরা বিশ্বের পরিবর্তনে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলম অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ব্রাজিলের প্রধান বিচারপতি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা ও প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে মানবজাতিকে একসাথে কাজ করতে হচ্ছে।’
তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বাংলাদেশসহ সারা বিশ্বে আইনের শাসন নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে বলেন, ‘পরিবেশ আইন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কার্যকরী আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘এখনকার তরুণ প্রজন্মের দায়িত্ব হলো, তারা যেন এমন একটি পৃথিবী রেখে যায়, যেখানে প্রাকৃতিক সম্পদ, জলবায়ু, জীববৈচিত্র্য এবং পরিবেশ সুরক্ষিত থাকবে।’
বাংলাদেশকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে তারা বিশ্বের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ রক্ষায় তারা গুরুত্বপূর্ণ কাজ করতে পারে।’
অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত সম্ভাবনাময়। তাদের হাত ধরে যেকোনো পরিবর্তন সম্ভব।’ তিনি পরিবেশ সংরক্ষণসহ সমাজের সকল ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে বক্তৃতাকারী বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার বক্তৃতার মাধ্যমে দেশের পেশাজীবী ও সংশ্লিষ্টরা অত্যন্ত উপকৃত হবে’।
তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিষয়টি শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী বা দেশের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাবিদ, গবেষক, পেশাজীবী ও সরকারের মধ্যে মেলবন্ধন সৃষ্টিতে এধরনের বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
- মোহাইমিনুল ইসলাম/এমজে

