Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, দোষীদের শাস্তি দাবি ছাত্র সংগঠনগুলোর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৮:৫৭

অ
জবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, দোষীদের শাস্তি দাবি ছাত্র সংগঠনগুলোর

প্রতীকী ছবি

রাজধানীর ধোলাইখালে বিএনপি যুবদল নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্র সংগঠনগুলো। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।  

মঙ্গলবার (৪ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। কিন্তু গতকাল ধোলাইখালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ এবং হামলার সঙ্গে জড়িত বিএনপি নেতা শহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটি শুধু নিরীহ ছাত্রদের ওপর হামলা নয়, বরং শিক্ষাঙ্গনে নিরাপত্তার বিপর্যয় ঘটানোর ষড়যন্ত্র। শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শাখা সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ এক যৌথ বিবৃতিতে বলেন, 'শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আমরা বারবার দেখছি, প্রশাসন এ বিষয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।'

প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে রাস্তায় নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে জবি শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত শহিদুল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ড (ওয়ারি থানা) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। 

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন