নিরাপত্তার স্বার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে মাইকিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
মাইকিং করে বলা হয়, নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীকে নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, প্রশাসনের মনে হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিং করা হচ্ছে। আমরা বলার পরেও কেউ ঢুকলে বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
এর আগে মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষকদের মাঝে হট্টগোল হয়। এ ঘটনার পরই বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মাসুম শাহরিয়ার/এমবি

