সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। মঙ্গলবার (৪ মার্চ) দেশে পৌঁছান তিনি। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এই সফর করেন অধ্যাপক ড. মামুন।
সফরকালে অধ্যাপক মামুন জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি ক্যাম্পাস) এবং গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম (জিএনপি) সম্পর্কিত দুইটি সিম্পোজিয়ামে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
জয়েন্ট ভার্চুয়াল ক্যাম্পাস (জেভি) সম্পর্কিত সিম্পোজিয়ামটি জাপানের কোবে বিশ্ববিদ্যালয় আয়োজন করে। এর সহযোগী আয়োজক ছিল জাপানের শিক্ষা মন্ত্রণালয়। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিভা লালন, পাঠ্যক্রম উন্নত করা এবং আসিয়ানভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়। প্রকল্পটির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চুয়ালি ক্লাস করার সুযোগ প্রদানের বিষয়েও সিম্পোজিয়ামে আলোচনা করা হয়।
আর জাপানের শিক্ষা মন্ত্রাণালয়ের উদ্যোগে গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম শীর্ষক পৃথক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং বিভিন্ন দেশের সরকারের মধ্যে যৌথ সহযোগিতা আরও বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া কোবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তামাকি হিশাশির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎও করেন মামুন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রাম চালুসহ সহযোগিতামূলক শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এমএমআই/এটিআর

