Logo

ক্যাম্পাস

জাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:২৩

অ
জাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত। বুধবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় তারা অভিযোগ করেন, হামলাকারী ছাত্রলীগের সদস্যরা জেলে ও হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতা ও অস্বচ্ছতার চিত্র তুলে ধরে।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘যদিও প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণের অঙ্গীকার করেছে, কিন্তু ২৩৩ দিন পেরিয়ে যাওয়ার পরেও হামলাকারীদের বিচার শুরু হয়নি। যেখানে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় একদিনেই মামলা করা হয়েছিল, সেখানে এখনো হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছি, দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হোক, নতুবা আমরা আরও কঠোর আন্দোলনে নামব।’

আইবিএ ইন্সটিটিউটের ৫০ ব্যাচের শিক্ষার্থী ফারহান বিনতে জিগার ফারিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের বিচারের কথা বললেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে প্রশাসনের দুর্বলতা স্পষ্ট হচ্ছে।’

তিনি প্রশাসনকে আরও সতর্ক করে বলেন, ‘যদি প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তবে আমরা বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল হামলাকারীদের বিচার নিশ্চিত করা, তখন তারা তদন্ত কমিটির মাধ্যমে সময়ক্ষেপণ করেছে। সাত মাস পরেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দ্রুত বিচার দাবি করছি, অন্যথায় কঠোর আন্দোলন চালিয়ে যাব।’

আমানউল্লাহ খান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন