নবিকে কটূক্তির অভিযোগে রাবির সাবেক ছাত্রলীগ নেতা আটক
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:৫৭
মহানবি হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ মার্চ) দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটক সুপ্ত সাহা অনিক ২০২৩ সালে রাবির ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে।
অনিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের মন্তব্যে মহানবিকে (সা.) কটূক্তি করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সবশেষ, গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজতে ইসলাম, তৌহিদী জনতা, জামায়াতে ইসলামী ও খেলাফত আন্দোলনের উদ্যোগে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’
কামরুজ্জামান ফাহাদ/এটিআর

