Logo

ক্যাম্পাস

হল নির্মাণসহ মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে : ঢাবি উপাচার্য

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:২৬

অ
হল নির্মাণসহ মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনসহ তিনটি মেগা প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠককালে এসব প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় উপদেষ্টা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এ ছাড়া, প্রকল্পগুলোর কার্যক্রম ত্বরান্বিত করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিবের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেছেন ড. নিয়াজ। আলোচনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ২ হাজার ৮৩১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ছাত্রীদের জন্য ৪টি হল এবং ছাত্রদের জন্য ৫টি হলসহ বিভিন্ন ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার ছাত্রী এবং ৫ হাজার ১০০ ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে।

এ ছাড়া, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য একটি হল নির্মাণ করা হবে, যেখানে ১ হাজার ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।

এমএমআই/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন