Logo

ক্যাম্পাস

ইবিতে শাহ আজিজের নামে হলের নামকরণ, সমালোচনার ঝড়

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:৪২

অ
ইবিতে শাহ আজিজের নামে হলের নামকরণ, সমালোচনার ঝড়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৫টি স্থাপনার নাম পরিবর্তন করে বিভিন্ন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল রাখা হয়েছে।

এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

তারা বলছেন, শাহ আজিজুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধাবিরোধী একজন ব্যক্তি। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে হলের নামকরণ অযৌক্তিক। দ্রুত নতুন নামকরণের দাবিও তাদের।

এদিকে এ ঘটনায় বুধবার দিবাগত রাতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে দিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। একইসঙ্গে হলের নাম পরিবর্তন করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী করার আহ্বান জানিয়েছে তারা।

যৌথ বিবৃতিতে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণের মধ্য দিয়ে ইবি প্রশাসন মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে আমরা মনে করি। আমরা মুক্তিযুদ্ধ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং মানুষের অধিকার আদায়ের অগ্রনায়ক মাওলানা ভাসানীর নামে আবাসিক হলের নামকরণের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্থাপনার নাম পরিবর্তনের তথ্য জানানো হয়।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭ তম (সাধারণ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘শেখ হাসিনা হল ‘জুলাই-৩৬’, শেখ রাসেল হল ‘শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ নামে পরিবর্তিত হয়।

মাসুম শাহরিয়ার/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন