Logo

ক্যাম্পাস

কুবিতে ভর্তি ফি কমানোর দাবিতে গণস্বাক্ষর

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:৪১

অ
কুবিতে ভর্তি ফি কমানোর দাবিতে গণস্বাক্ষর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি ও সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিতে পাঁচশতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তাদের স্বাক্ষরনামাসহ একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনের রাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে নানা আর্থিক অবস্থার শিক্ষার্থী পড়াশোনা করেন, অতিরিক্ত ফি বহন করা তাদের জন্য কঠিন। বার্ষিক আয় বাড়ানোর কথা বলে শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ বাড়ানো অমানবিক।’

শিক্ষার্থীরা সেমিস্টার ফি ৪০ শতাংশ কমানোর পাশাপাশি স্নাতকে ভর্তি ফি কমানোরও আহ্বান জানান। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের জীবন সহজীকরণের জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ফি কমানো উচিত।’

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রাহিম বলেন, ‘২০১৮ সালে থিয়েটারের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরে ভর্তি ফি কমানো হয়েছিল। এখন বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করেছি।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী স্মারকলিপি রেজিস্ট্রার বরাবর হস্তান্তর করেছেন এবং পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

উল্লেখ্য, গত বছর স্নাতক প্রথম বর্ষের ফি ১ হাজার টাকা এবং দ্বিতীয় বর্ষের ফি ৫৫০ টাকা বাড়ানো হয়েছিল। এছাড়া স্নাতকোত্তরের বিভিন্ন অনুষদের ভর্তির ফি ৭ হাজার ৮০০ টাকা থেকে ৮ হাজার ৯০০ টাকা, হল ফি ১০০ থেকে ১৫০ টাকায় উন্নীত করা হয়েছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন