Logo

ক্যাম্পাস

রাবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, ভিসির বাসভবন ঘেরাও

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২১:৫৯

অ
রাবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ, ভিসির বাসভবন ঘেরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে আসন বণ্টনে অনিয়ম,  পানি সংকট, ইন্টারনেট সমস্যার সমাধানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টায় তারা বিক্ষোভ শুরু করেন। পরে রাত পৌনে ১১টার দিকে পশ্চিমপাড়া আবাসিক হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন ছাত্রীরা। 

রাত সোয়া ১১টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসে তাদের দাবি মেনে নিলে তারা আন্দোলন প্রত্যাহার করে হলে ফিরে যান।

এ সময় তারা ‘আবাসিকতার অনিয়ম, মানি না মানব না’, ‘সিনিয়র রেখে জুনিয়র, মানি না মানব না’, ‘প্রশাসন জবাব চাই জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবাসিকতার নীতিমালায় সংকট, হলের সংকটে প্রাধ্যক্ষকে না পাওয়া, হলগুলোতে পানির সমস্যা স্থায়ী সমাধান না হওয়া, ক্যান্টিনে পূর্ব নোটিশ ছাড়াই সেহেরির মিল বন্ধ হওয়া, ইন্টারনেটের ধীরগতি, শিক্ষার্থীরা সমস্যা সমাধানের দাবি জানালে ব্যক্তিগতভাবে হুমকি দেওয়াসহ বিভিন্ন সংকটে ইফতারের পর থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন নারী শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে হলের সংকট নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। হলের বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে সমস্যার সমাধানের দাবিতে হলের গেটে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।  

পরে রাত পৌনে ৯টার দিকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে রহমাতুনিসা, রোকেয়া ও খালেদা জিয়া হলের গণরুমের শিক্ষার্থীরা যোগ দেন। 

এ সময় তাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও সমাধানে পৌঁছানো যায়নি। 

পরে তারা রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনের সামনে আলোচনা করে সমাধান না পেয়ে রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদ শিক্ষার্থীদের ওপর চড়াও হন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা রাইসা আক্তার বলেন, আবাসিকতার নীতিমালায় সংকট, হলের সংকটে প্রাধ্যক্ষকে না পাওয়া, হলগুলোতে পানির সমস্যা স্থায়ী সমাধান না হওয়ায় ইফতারের পর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নারী শিক্ষার্থীরা। তাদের দাবি, সিনিয়রিটির ভিত্তিতে সিট বণ্টন করতে হবে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সাংবাদিকদের বলেন, তাদের দাবি ছিল হলে যে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে সেখানে সেশনটাকে গুরুত্ব দিয়ে সিট বরাদ্দ দেওয়া। সিট বরাদ্দ বা সবকিছু শিক্ষার্থীদের কথা চিন্তা করেই করা হয়। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী যদি মনে করে সেশনটাকে গুরুত্ব দিয়ে সিট বরাদ্দ দেওয়া হোক, তাহলে সেটা চিন্তা করা যেতে পারে। আমি প্রভোস্ট কাউন্সিলের সঙ্গে বসে এই সেশনটাকে নিয়ে, মেধার ভিত্তিতে সেখানে ইয়ারের পরিবর্তে সেশনটাকে ধরে সিট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব।

তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

উপাচার্যের এ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে হলে ফিরে যান।

জেসি/কামরুজ্জামান ফাহাদ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন