৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ঢাকাস্থ মাগুরার শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২০:২৫
ছবি : বাংলাদেশের খবর
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছে ঢাকাস্থ মাগুরার শিক্ষার্থীরা। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ মিছিল করে ঢাকাস্থ মাগুরার শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই দেশে কোনো ধর্ষকের কখনো বিচার হয় না। দেশের ১০ জন ধর্ষককে পাথর মেরে ফেলা উচিত। তাহলে আর ধর্ষক তৈরি হবে না। ধর্ষকদের ফাঁসির আইন বাস্তবায়ন হয় না বরং প্রভাবশালীদের কারণে মামলা ও সাজা থেকে ধর্ষকরা মুক্ত হয়ে যায়।
তারা আরও বলেন, দাবি না মানলে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। প্রশাসন-সেনাবাহিনীর আইন কোনো কিছু মানা হবে না। জনতার আদালতে এই ধর্ষকদের থানা থেকে এনে জনতার আদালতে পাথর নিক্ষেপ ও ফাঁসি দেওয়া হবে।
এসময় শিক্ষার্থীরা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
এরআগে, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে তাওইয়ের (বোনের শ্বশুর) ধর্ষণের শিকার হয় আট বছরের একটি শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, স্কুল রোজার ছুটি হলে পাঁচ দিন আগে শিশুটি বোনের বাড়ি বেড়াতে আসে। ওই দিন সকাল ১০টার দিকে ঘরে একা পেয়ে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। কান্নাকাটির এক পর্যায়ে বোনকে বলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ মার্চ) ধর্ষণ সন্দেহ অভিযুক্তকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) নির্যাতনের শিকার শিশুটির দুলাভাইকেও আটক করেছে পুলিশ।
ডিআর/এমএমআই/এমআই

