রাতের পর দিনেও ধর্ষণবিরোধী মিছিলে সরব ঢাবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৫০
রাতের পর দিনেও ধর্ষণবিরোধী মিছিলে সরব ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার (৯ মার্চ) সকাল থেকেই টিএসসি এলাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মিছিল করছেন।
এর আগে, মাগুরায় শিশু ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত ফাঁসি দাবিতে শনিবার দিবাগত (৯মার্চ) মধ্যরাতেও বিক্ষোভ করেন তারা।
এদিন রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন।
পরে রাত পৌনে ১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা ।
এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ডিআর/এটিআর

