কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা
কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৫:৪৪
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ‘বিপ্লবী ঐক্যজোট’ এর উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা আছিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানান।
এ সময় গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রাহিম বলেন, যারা ধর্ষণের ঘটনায় জড়িত, তারা এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। অথচ নিরীহরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হিসেবে দ্রুত কার্যকর করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রায় তেত্রিশ হাজার মামলা এখনো ঝুলে আছে। আমরা চাই, এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক।
অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, আছিয়ার এ নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তব্ধ! সারা দেশের মানুষ স্তম্ভিত হয়েছে। যারা আছিয়ার পৃথিবীকে জাহান্নামে পরিণত করেছে, তাদের দুনিয়া ও আখিরাতও জাহান্নামে পরিণত হোক।
উল্লেখ্য, ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায়।
ইমতিয়াজ রিফাত/এমবি

