২ হাজার শিক্ষার্থী নিয়ে বাকৃবিতে ছাত্রদলের ইফতার
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:২৫
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দুস্থ, গরিব ও ইয়াতিমদের সঙ্গে নিয়ে ইফতার ও দেশবাসীর কল্যাণের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও দুই শতাধিক দুস্থ ও গরিব অংশগ্রহণ করেন।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, এডিশনাল রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এ মাসে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। ছাত্রদল গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সকল ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব।
সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে। এভাবে বাকৃবিকে জাতীয়তাবাদের আঁতুড়ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি।
যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, আজকের ইফতারের প্রধান উদ্দেশ্য বাকৃবির সকল শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করা এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা।
যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার বলেন, এ ইফতার মাহফিলের মাধ্যমে ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি এবং বেগম খালেদা জিয়াসহ ২০২৪ সালের আন্দোলনে আহত সকল বীর সৈনিকের দ্রুত সুস্থতা কামনা করছি।
আশিকুর রহমান/এমবি

