জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) বার্ষিক ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ আয়োজন করা হয়।।
ইফতারে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর থিয়েটার, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, জাহাঙ্গীরনগর ডিবেট অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ বলেন, ‘আমরা যে ফ্যাসিস্ট শাসন অতিক্রম করে এসেছি আর অন্য কারও মাধ্যমে যেন এই ফ্যাসিস্ট শাসন ভিড়তে না পারে। আমরা যেন আমাদের স্বাধীনতা না হারাই, আমরা যেন মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারি। আমরা আমাদের শিক্ষা, সাংবাদিকতাসহ সকল কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি।’
তিনি আরও বলেন, ‘সেজন্য আমাদের দরকার রাষ্ট্র সংস্কার আর এই সংস্কারের জন্য আমাদের যার যে মতাদর্শ থাকুক সেটাকে প্রাধান্য দেওয়া এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, নানান বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু যাকে যেই জায়গায় দরকার সেই জায়গায় যেন দ্বিমত পোষণ না করি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি এটাই আমাদের প্রত্যয়। আমরা যেভাবে সম্মিলিতভাবে ২৪শের গণঅভ্যুত্থান সফল করেছি সামনেও যেন সেভাবে থাকতে পারি।’
এছাড়া আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, জাবিসাসের সভাপতি মেহেদি মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
আমানউল্লাহ খান/এমআই

