ছবি : বাংলাদেশের খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি ও কলা অনুষদভুক্ত একটি বিভাগের সমন্বয়ে গঠিত ডি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষার্থীরা আগামী ৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ এক. আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দুই. দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ তিন. আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ। কলা অনুষদভুক্ত একটি বিভাগ এক. আরবী ভাষা ও সাহিত্য।
এসব বিভাগের সমন্বয়ে গঠিত ডি ইউনিটের স্নাতক ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন প্রক্রিয়া : আবেদন শুরু ১৬ মার্চ দুপুর ১২টা ১ মিনিট থেকে এবং শেষ হবে ২৮ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। এ সময়সীমার মধ্যে প্রাথমিক আবেদন ‘ফি’ বাবদ এক হাজার ৫০০ টাকা মোবাইল/অনলাইন ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
ভর্তি পরীক্ষা : ৮০ নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে। বিদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার ফলাফল, চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার সময়সীমা এবং ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bd/admission এ পাওয়া যাবে।
মাসুম/এমবি

